ইউনিবেটর: ফ্রি অফিস স্পেসের পাশাপাশি প্রতিটি বিজয়ী দল পাবে ১০ লাখ টাকা
'ইউনিবেটর' থেকে বিজয়ী ১০ দল মাসব্যাপী ইনকিউবেশনের পাশাপাশি নিজেদের আন্তর্জাতিক মানের কোম্পানি হিসেবে প্রতিষ্ঠার জন্য ১০ লাখ টাকা এবং বিনামূল্যে অফিস স্পেস পাবে। সেই সঙ্গে বিজয়ী শীর্ষ তিন স্টার্টআপকে গ্লোবাল কম্পিটিশনে অংশগ্রহণ করানো হবে।
শুক্রবার দেশে প্রথমবারের মতো শুরু হওয়া মেন্টর ডেভলোপমেন্ট ক্যাম্পের দ্বিতীয় দিন এ তথ্য জানিয়েছেন আয়োজকরা।
দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের নিয়ে এ ধরণের ক্যাম্পের আয়োজন করেছে আইইবি ঢাকা সেন্টার। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর আওতাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্প, চুয়েট স্পন্সর করছে ইভ্যালি।
মেন্টর ডেভলোপমেন্ট ক্যাম্পে অতিথি সেশনে শনিবার থাকছেন বাংলাদেশে ফেসবুকের হেড অব পাবলিক পলিসি শাবহানাজ রাশিদ দিয়া। তিনি আলোচনা করবেন 'ডিজিটাল ইকোনমি'তে উদ্ভাবনকে উৎসাহ প্রদানের বিষয়ে।
মাইক্রোসফটের পক্ষ থেকে শনিবার মেন্টর ডেভলোপমেন্ট ক্যাম্পে অতিথি সেশনে অংশ নেবেন মাইক্রোসফ্ট বাংলাদেশের হেড অব চ্যানেল সেলার মাশরুর হোসেন। আর শেষ দিন মেন্টর ডেভলোপমেন্ট ক্যাম্পে প্যানেল ডিসকাশনে অংশ নেবেন টেক জায়ান্ট ডেল টেকনোলজিস-এর এশিয়া প্যাসিফিক অ্যান্ড জাপান (এপিজে) সিএক্সও অ্যাডভাইজরি বোর্ডের সদস্য সোনিয়া বশির কবীর।
চারদিন ব্যাপী এই ‘মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প’-এ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, দেশীয় ও আন্তর্জাতিক আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারের নীতি নির্ধারনী পর্যায়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।